
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের গোয়ালী গ্রামে অভিযান চালিয়ে ১৫০ লিটার চোলাই মদ, মদ তৈরির উপকরণ ও সরঞ্জামসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে চোলাই মদ তৈরির একটি কারখানা ধ্বংস করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় এবং স্থানীয় জনগণের সহযোগিতায় নওগাঁ সদর থানা পুলিশের একটি দল গোয়ালী গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণসহ মোঃ আবুল কাশেম ও মোঃ খোরশেদ আলম (৫৬)কে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই গোয়ালী গ্রামের বাসিন্দা।
অভিযানে ১৫০ লিটার চোলাই মদ জব্দের পাশাপাশি মদ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে থাকা চোলাই মদ তৈরির কারখানাটি ধ্বংস করে দেয় পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply