
নিজস্ব প্রতিবেদক,
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নামে একটি ভুয়া ওয়েবসাইট খোলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আলাউদ্দিন নওগাঁ সদর মডেল থানায় এ জিডি করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালে প্রতিষ্ঠিত হলেও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের এখনো কোনো অফিসিয়াল ওয়েবসাইট চালু হয়নি। এরই মধ্যে চলতি বছরের ২৯ জানুয়ারি একটি অসাধু চক্র বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট চালু করে এবং সেখানে নানা বিভ্রান্তিকর তথ্য প্রচার করতে থাকে। এতে সাধারণ মানুষসহ শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়।
এ বিষয়ে রেজিস্ট্রার ড. মো. আলাউদ্দিন বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছি। একই সঙ্গে ভুয়া ওয়েবসাইটটি দ্রুত অপসারণে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। ভুয়া ওয়েবসাইট পরিচালনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে খুব দ্রুত আইনের আওতায় আনা হবে।
Leave a Reply