
মোঃ ফরহাদ হোসেন, নিজস্ব প্রতিবেদক:
নওগাঁ শহরে পুলিশের অভিযানে জুয়া খেলার সময় ১০ জন জুয়ারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪৬ হাজার ১৭৫ টাকা ও তাস জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ ২০২৬ তারিখে পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁ জানতে পারে, সদর মডেল থানার চাকলা বাজারের দক্ষিণ পাশে ছোট যমুনা নদীর তীরে চাকলা ঘাট এলাকায় একদল ব্যক্তি তাস খেলে টাকা দিয়ে জুয়া খেলছে।
এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৮টার দিকে ডিবির একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে জুয়া খেলারত অবস্থায় ১০ জনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন— আতিকুর রহমান (৩০), মইন উদ্দিন (৪৫), জয়নাল (৪৭), রহিম (৪০), মাসুদ রানা (৪২), মোফাজ্জল (৪৪), মাসুদ (৪০), আবু হাসান (৩৪), শফিকুল (৩৪) ও খালিদ হাসান ওরফে রাজু (৪০)। তাদের সকলের বাড়ি নওগাঁ সদর উপজেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ আরও জানায়, এ সময় জুয়ার আসর থেকে নগদ ৪৬ হাজার ১৭৫ টাকা এবং দুই বান্ডিল তাস জব্দ করা হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply