
নিজস্ব প্রতিবেদক, বদলগাছি (নওগাঁ)
নওগাঁর বদলগাছি উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামে পটলখেতে মাচা তৈরির জন্য মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার হয়েছে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি। রবিবার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দেউলিয়া গ্রামের বাসিন্দা আনসার চৌধুরীর জমি বর্গা নিয়ে চাষাবাদ করছেন একই গ্রামের জয়দুল। রবিবার সকালে তিনি জমিতে পটলের মাচা তৈরির জন্য খুঁটি বসাতে মাটি খোঁড়ার কাজ শুরু করেন। এ সময় প্রায় এক ফুট গভীরে শক্ত ধরনের একটি বস্তুতে কোদাল আটকে যায়। সন্দেহ হলে তিনি আরও মাটি সরিয়ে দেখেন, সেখানে একসঙ্গে পড়ে আছে বিপুল পরিমাণ গুলি। পরে গুনে দেখা যায়, মোট ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি রয়েছে।
খবর পেয়ে বদলগাছী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো জব্দ করে।
থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া গুলিগুলো অনেক পুরোনো। কীভাবে এবং কখন এসব গুলি সেখানে মাটির নিচে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।
বদলগাছি থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন,
“খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ৩২৫ রাউন্ড গুলি জব্দ করেছি। গুলিগুলো অনেক পুরোনো বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply