
নিজস্ব প্রতিবেদক
নওগাঁর বদলগাছী উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে মিঠাপুর ইউনিয়নের খামার পুকুরপাড় এলাকার একটি বাড়ির উঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম নুপুর (৩২)। তিনি বাবু হোসেনের মেয়ে। নুপুরের বিয়ে হয়েছিল প্রায় ছয়-সাত মাস আগে একই উপজেলার মিঠাপুর বউলা পাড়া এলাকার মো. শাহরিয়ার হোসেন বর্ষার সঙ্গে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নিহত নুপুরের শ্বশুর আতিকুল ইসলাম ’দুলাল’ (৬০) ও শাশুড়ি দিনা বেগম (৫০) তার বাবার বাড়িতে এসে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে নুপুরকে মারধর করে চলে যান। পরে রাতে নুপুর তার মায়ের সঙ্গে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে নুপুরের মা ঘুম থেকে উঠে মেয়েকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির উঠানে থাকা একটি পেয়ারা গাছে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নুপুরকে ঝুলতে দেখেন। পরে স্থানীয়রা এসে নিশ্চিত হন যে তিনি আগেই মারা গেছেন।
খবর পেয়ে মঙ্গলবার সকাল ৮টার দিকে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
নিহতের পরিবার জানায়, বিয়ের পর থেকেই স্বামীর পরিবার নুপুরকে মেনে নেয়নি। সে কারণে বিয়ের পর থেকেই তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন। নুপুরের এটা দ্বিতীয় বিয়ে ছিল। তার প্রথম স্বামীর পক্ষের ৯ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।
অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান জানাযন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply