
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলায় গাঁজাসহ সুমি রানী (২৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।সোমবার রাত প্রায় ১০টার দিকে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদ বিহার গ্রামের জোর পুকুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।
অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা এসআই মো. তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহজনক অবস্থায় সুমি রানীকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ৯০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। অভিযানকালে অন্য একটি জায়গায় ২৫ বোতল চোলাই মদ জব্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, সুমি রানী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে বলে এলাকাবাসীর দাবি।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জব্দ করা আলামত সংরক্ষণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply