
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের পর পুলিশের উপপরিদর্শক (এসআই) অসিত কুমারকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। পুলিশের দাবি, আসামিকে গ্রেপ্তারের কারণে নয়, প্রথম দফায় গ্রেপ্তার অভিযানে তাঁকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রেপ্তার হওয়া রাকিবুল হাসান উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে সিআর মামলা নম্বর ২২২/২৫ এ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ভোরে নিজ বাড়ি থেকে রাকিবুলকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভান্ডারপুর বাজারে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল। এসআই অসিত কুমার জানান, ওই সময় রাকিবুল অন্য একটি মোটরসাইকেলে করে চলে যান। পরে রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআই অসিত কুমারের দাবি, প্রথম দফায় তাঁকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগও উঠেছিল। তবে কে বা কারা এ অভিযোগ করেছেন, তা তিনি জানেন না। রাকিবুলের মা রেহেনা পারভিন অবশ্য পুলিশ সুপারের কাছে এ ধরনের কোনো অভিযোগ করেননি বলে জানিয়েছেন।
বদলগাছী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, প্রথম অভিযানে আসামিকে ‘পেয়েও রেখে আসছে’ এমন অভিযোগ পুলিশ সুপারের কাছে যাওয়ার পর এসআইকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রথমবার রাকিবুলকে গ্রেপ্তার করতে গিয়ে তাঁকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ায় এসআই অসিত কুমারকে ক্লোজ করা হয়েছে। দায়িত্ব পালনে তাঁকে আরও সতর্ক থাকা উচিত ছিল।
Leave a Reply