
নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর বদলগাছী উপজেলায় গলায় ও পেটে ছুরিকাঘাতে গুরুতর আহত এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।
নিহত নারীর নাম রেবা বেগম (৩০)। তিনি নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের ঘোরকিন গ্রামের মৃত তারা উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের পারআধাইপুর গ্রামের বুড়াকালী মণ্ডপের উত্তর পাশে একটি বাড়ির নিকটে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন রেবা বেগম। তাঁর গলা ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় কয়েকজনের ভাষ্যে জানা যায়, ঘটনার সঙ্গে এক ভেকুচালকের সংশ্লিষ্টতার সন্দেহ করা হচ্ছে। তবে এই প্রতিবেদন লিখা পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কাউকে অভিযুক্ত করেনি পুলিশ।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
Leave a Reply