
বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা:
নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নে এক রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত শেষ রাতে কোমারপুর (সোনারপাড়া) মৃত আব্দুস সামাদ সোনারের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন প্রয়াত আব্দুস সামাদের স্ত্রী নিলুফা আক্তার। রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে একদল চোর চতুরতার সঙ্গে ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ঘরে রাখা প্রায় দেড় ভরি স্বর্ণালংকার, নগদ অর্থ এবং মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে চম্পট দেয়।
পরবর্তী সময়ে বিষয়টি টের পেয়ে নিলুফা আক্তার চিৎকার শুরু করলে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। তবে ততক্ষণে চোরের দল এলাকা ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
খবর পেয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, রাতের আঁধারে এমন চুরির ঘটনায় ওই এলাকায় জনমনে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা নৈশ টহল জোরদার এবং দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
Leave a Reply