
নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর বদলগাছী উপজেলায় খরিপ-২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ, সার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য ধান, ফলমূল ও শাকসবজির উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশবান্ধব সবুজ আন্দোলনকে আরও এগিয়ে নেওয়া।
রবিবার (২৯ জুন) বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সজল সরকার, সমাজসেবা অফিসার রাজীব আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম সহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ এবং উপকারভোগী কৃষক ও শিক্ষার্থীরা।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান জানান,
“চলতি মৌসুমে বদলগাছী উপজেলার ১,৭২০ জন প্রান্তিক কৃষককে বিনামূল্যে ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে। একইসঙ্গে, ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটিতে ৫টি করে তাল গাছের চারা এবং ৪৬টি প্রতিষ্ঠানে ৫টি করে নারকেল গাছের চারা বিতরণ করা হচ্ছে।”
এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়বে, অন্যদিকে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণের আগ্রহও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply