
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলায় চলতি মৌসুমে বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১৭ মে (রোববার) বিকেলে উপজেলার খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বদলগাছী-মহাদেবপুর আসনের সংসদ সদস্য ফজলেহুদা বাবুল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলেহুদা বাবুল বলেন, দেশের শস্যভান্ডার হিসেবে পরিচিত বদলগাছীর কৃষিকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি বলেন, এলাকার উন্নয়ন অনেকাংশে কৃষিনির্ভর হওয়ায় প্রকৃত কৃষকেরা যাতে নির্বিঘ্নে সরকারি সুবিধা পান, সে বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।
উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ।
এ সময় বক্তব্য দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মিজানুর রহমান এবং উপজেলা চাউলকল মালিক সমিতির সাধারণ সম্পাদক সামছুল আলম।
উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় কৃষকদের কাছ থেকে ১ হাজার ২২৯ মেট্রিক টন ধান, ৩০৯ মেট্রিক টন চাল এবং ১৫৬ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি নির্ধারিত দরে প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা, চাল ৪৯ টাকা এবং গম ৩৬ টাকায় সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বোচ্চ তিন মেট্রিক টন পর্যন্ত ধান, চাল ও গম সরবরাহ করতে পারবেন।
স্থানীয় কৃষকদের ভাষ্য, নির্ধারিত দামে সরাসরি সরকারি খাদ্য গুদামে ফসল বিক্রির সুযোগ পেলে তারা আর্থিকভাবে উপকৃত হবেন। তবে প্রকৃত কৃষক নির্বাচন ও সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন অনেকেই।
Leave a Reply