
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে জুয়েল হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের আরচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি কাঁচা সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জুয়েল হোসেন আরচা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর জুয়েল আর বাড়িতে ফেরেননি। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে একই গ্রামের সাদেক আলী (৬৫) ওই কাঁচা সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় রাস্তার পাশে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে তিনি ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানে জুয়েলকে মৃত অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি জুয়েল হোসেনের বলে শনাক্ত করেন।
তবে কীভাবে বা কী কারণে জুয়েলের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বদলগাছী থানা পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তদন্ত ও পরবর্তী প্রক্রিয়া শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply