
নিজস্ব প্রতিবেদক, বদলগাছী (নওগাঁ)
নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা কার্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি মাওলানা মো. নাসির উদ্দীন। তিনি বলেন, একটি দেশের উন্নয়নে শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইসলামে শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি পরিশোধের নির্দেশনা রয়েছে। তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে শ্রমিকদের শুধু শ্রমশক্তিতে নয়, আদর্শিক জ্ঞানেও সমৃদ্ধ হতে হবে।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার আমির মাওলানা মো. ইয়াছিন আলী। তিনি শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা কৃষিজীবী শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মো. জাহাঙ্গীর আলম। তিনি সমকালীন প্রেক্ষাপটে শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি এবং চারিত্রিক মূল্যবোধ বজায় রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বদলগাছী উপজেলা শাখার সভাপতি মো. আব্দুস সামাদ এবং সংগঠনের উপদেষ্টা ও সাবেক ভাইস চেয়ারম্যান স. ম. ফজলুল হক (বাচ্চু)।
সভায় সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বদলগাছী সদর ইউনিয়ন শাখার সভাপতি মো. আজাহার আলী। বক্তারা মাহে রমজানের শিক্ষা ব্যক্তি ও সামাজিক জীবনে কাজে লাগিয়ে তাকওয়াভিত্তিক জীবন গঠনের আহ্বান জানান।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতারে অংশ নেন।
Leave a Reply