
নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর বদলগাছী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে প্রায় ৫ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার আরচা গ্রামে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ফজলে রাব্বি (২৫)। তিনি উপজেলার আরচা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল বদলগাছী থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার আরচা গ্রামের ফজলে রাব্বি তার বাড়ির ছাদে গাঁজা শুকাচ্ছেন।
পরে ডিবি পুলিশের একটি দল স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশির সময় আসামির দেখানো মতে বাড়ির ছাদে রোদে শুকানোর জন্য রাখা অবস্থায় প্রায় ৫ কেজি ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফজলে রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বদলগাছী থানার ওসি মো. লুৎফর রহমান জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফজলে রাব্বি বেশ কিছুদিন ধরে এলাকায় মাদকের ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, মামলা নং-১৮। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
Leave a Reply