
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে আলু সংরক্ষণে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া, সংরক্ষিত আলু নষ্ট হওয়ার পরও ক্ষতিপূরণ না দেওয়া এবং কৃষকদের হয়রানির অভিযোগে মানববন্ধন করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার পাহাড়পুর ইউনিয়নে উত্তরা কোল্ড স্টোরেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক কৃষক ও আলু ব্যবসায়ী অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া কৃষক ও ব্যবসায়ীদের অভিযোগ, আলু সংরক্ষণের জন্য সরকার প্রতি কেজি ৫ টাকা ৭৫ পয়সা হারে ভাড়া নির্ধারণ করলেও উত্তরা কোল্ড স্টোরেজে প্রতি কেজি আলুর জন্য ৮ টাকা বা তারও বেশি নেওয়া হচ্ছে। এতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে তাঁদের।
কৃষকেরা বলেন, আলু সংরক্ষণ করে রাখার পর তা বের করার সময় অনেক ক্ষেত্রে আলু নষ্ট পাওয়া যায়। কিন্তু নষ্ট আলুর বিষয়ে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ কোনো দায় নিচ্ছে না। ক্ষতিগ্রস্ত কৃষকেরাও ক্ষতিপূরণ পাচ্ছেন না।
মানববন্ধনে কৃষকেরা আরও অভিযোগ করেন, কোল্ড স্টোরেজকে কেন্দ্র করে একটি দালালচক্র সক্রিয় রয়েছে। এই চক্রের মাধ্যমে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় এবং তাঁদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। প্রতিবাদ করলে হয়রানির মাত্রা আরও বেড়ে যায় বলেও কয়েকজন কৃষক অভিযোগ করেন।

একজন আলুচাষি বলেন, ‘এবার আলু উৎপাদনে খরচ বেশি হয়েছে। এরপর সংরক্ষণের জন্য নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা দিতে হচ্ছে। আলু নষ্ট হলে তার দায়ও কেউ নিতে চায় না। এতে কৃষকের লোকসান বাড়ছে।’
কৃষকেরা জানান, এসব অভিযোগের বিষয়ে তাঁরা একাধিকবার প্রশাসনের কাছে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত প্রত্যাশিত প্রতিকার না পাওয়ায় তাঁরা মানববন্ধনে নামতে বাধ্য হয়েছেন।
মানববন্ধন থেকে কৃষকদের পক্ষ থেকে সরকার নির্ধারিত ৫ টাকা ৭৫ পয়সা হারে আলু সংরক্ষণের ভাড়া নেওয়া, নষ্ট আলুর ক্ষতিপূরণ দেওয়া এবং কোল্ড স্টোরেজকেন্দ্রিক দালালচক্র ও কৃষক হয়রানি বন্ধের দাবি জানানো হয়।
এ বিষয়ে উত্তরা কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply