
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশ, শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে নওগাঁর বদলগাছীতে অনুষ্ঠিত হয়েছে ইকরা শিশু নিকেতন এন্ড হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী-২০২৬।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টায় বদলাগাছী কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও ব্যান্ড সঙ্গীতের আয়োজন অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। বিকেল ৩টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান ছনি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা একজন শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন চৌধুরী এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রবিউল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা শিশু নিকেতন এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক হুসেইন মো. আব্দুস সবুর রুবেল। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে বদলাগাছী কমিউনিটি সেন্টার মুখর হয়ে ওঠে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের নাচ, গান ও আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ব্যান্ড সঙ্গীত, যা উপস্থিত দর্শকদের বাড়তি আনন্দ দেয়।
সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। করতালি আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এ আয়োজন।
Leave a Reply