
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় তিনি ফুল না দিয়েই শহীদ মিনার ত্যাগ করেন।
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাতের প্রথম প্রহরে পুষ্পস্তবক নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান রুমিন ফারহানা। এ সময় স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর একাংশের নেতাকর্মী মিছিল নিয়ে সেখানে উপস্থিত হয়ে স্লোগান দিতে থাকেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং শ্রদ্ধা নিবেদন ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
রুমিন ফারহানার সমর্থকদের অভিযোগ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল কর্মী সেখানে এসে তাঁকে শ্রদ্ধা জানাতে বাধা দেন। পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হয়ে উঠলে নিরাপত্তার স্বার্থে তিনি শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।
ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে তাঁর সমর্থকেরা শাহবাজপুর এলাকায় ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
রুমিন ফারহানা স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘পরিকল্পিতভাবে হামলার চেষ্টা হয়েছে। পরাজয়ের প্রতিশোধ নিতেই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। এখনই মাঠপর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করা না গেলে এর পরিণাম ভয়াবহ হতে পারে।’
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সময় তাঁর এক কর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং দায়ীদের আইনের আওতায় আনা হবে। উত্তেজনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
Leave a Reply