
নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড়ের বোদায় সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন এক ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। তবে পরে তিনি বিষয়টি ভাষাগত ভুল হিসেবে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন। এ ঘটনার পর তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, সম্প্রতি আউলিয়ার ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে ওই ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের উদ্দেশে “সন্ত্রাসী” শব্দটি উচ্চারণ করেন। এতে উপস্থিত সাংবাদিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার তাৎক্ষণিক প্রতিকার দাবি জানান।
পরে পরিস্থিতি সামাল দিতে ম্যাজিস্ট্রেট বলেন, “আমি ভাষাগতভাবে ভুল শব্দ ব্যবহার করেছি। সাংবাদিকদের সন্ত্রাসী বলার কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমি আসলে মব সন্ত্রাস বোঝাতে চেয়েছিলাম। এতে আপনাদের কষ্ট হয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।”
এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম। তিনি সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করে বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেন।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী সাংবাদিকদের বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। ইতোমধ্যে ওই ম্যাজিস্ট্রেটকে আউলিয়ার ঘাটের সার্বিক কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।”
এদিকে ঘটনাটি স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তারা বলেন, গণমাধ্যম কর্মীরা সবসময় সামাজিক দায়িত্ববোধ থেকে মাঠে কাজ করেন। প্রশাসনের কর্মকর্তাদের উচিত সাংবাদিকদের সহযোগী হিসেবে দেখা, প্রতিপক্ষ নয়।
প্রসঙ্গত, আউলিয়ার ঘাট এলাকায় অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘদিন ধরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়ে আসছে। তবে সাংবাদিকদের নিয়ে এ ধরনের অপ্রস্তুত মন্তব্য স্থানীয়ভাবে নতুন বিতর্কের জন্ম দিল।
Leave a Reply