
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে চারজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাঁদের শপথ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। সন্ধ্যা সাড়ে সাতটার পর প্রথমে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হয়। পরে পর্যায়ক্রমে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন।
নতুন চার পূর্ণমন্ত্রী হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আবদুল মঈন খান, বিএনপির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনের সংসদ সদস্য রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পার্বত্য বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ।
এর মধ্যে রশিদুজ্জামান মিল্লাত এতদিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
অন্যদিকে নতুন দুই প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)। হুমায়ুন কবির এর আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। শামীম কায়সার গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
শপথ অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সংবিধান রক্ষা, সরকারি দায়িত্ব বিশ্বস্ততার সঙ্গে পালন এবং দেশের প্রতি আনুগত্যের অঙ্গীকার করেন। একই সঙ্গে ভয়, অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের প্রভাবমুক্ত থেকে আইন অনুযায়ী সবার প্রতি যথাযথ আচরণ করার শপথ নেন।
Leave a Reply