
নিজস্ব প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৪৮ নওগাঁ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল মাতৃভাষা বাংলা ভাষাভাষীসহ বিশ্বের সব ভাষার মানুষ ও জাতিগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
২০ ফেব্রুয়ারি (শুক্রবার) দেওয়া এক বার্তায় তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে বাংলা ভাষার মর্যাদা এবং জাতির আত্মপরিচয়ের ভিত্তি। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ভাষা আন্দোলনের বীর শহীদ আবুল বরকত, আবদুস সালাম, রফিকউদ্দিন আহমদ এবং আব্দুল জব্বার-সহ সকল অমর শহীদকে।
তিনি উল্লেখ করেন, একুশের রক্তাক্ত ইতিহাসই পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের প্রেরণা জুগিয়েছে এবং সেই ধারাবাহিকতায় জন্ম নিয়েছে স্বাধীন বাংলাদেশ। তাঁর ভাষায়, “একুশের এই আত্মত্যাগ আমাদের জাতিসত্তার ভিত্তি রচনা করেছে এবং স্বাধীনতার পথকে সুদৃঢ় করেছে।”
সংসদ সদস্য বলেন, মাতৃভাষার প্রতি বাঙালির ত্যাগ ও ভালোবাসার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে UNESCO ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। এর ফলে ভাষার অধিকার ও ভাষাগত বৈচিত্র্য রক্ষার চেতনা আজ বিশ্বব্যাপী বিস্তৃত হয়েছে।
তিনি আরও বলেন, একুশের মূল চেতনা ছিল গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়, সাম্য এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা। ভাষা শহীদদের স্বপ্ন, মুক্তিযুদ্ধের আদর্শ এবং গণতান্ত্রিক আন্দোলনের লক্ষ্য ধারণ করে একটি স্বনির্ভর, নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।
দেশের ভাষাবৈচিত্র্য সংরক্ষণ, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা এবং বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার ও চর্চা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
শেষে ভাষা আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এই সংসদ সদস্য।
Leave a Reply