সবুজ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) তহবিলের প্রকল্পে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জানা গেছে, প্রকল্পের নামে বরাদ্দকৃত টাকা ব্যয়ের কাগজপত্রে কাজ সম্পন্ন দেখানো হলেও বাস্তবে কোনো কাজ করা হয়নি।
দৈনিক “সকালের সময়” পত্রিকায় ২২ অক্টোবর ২০২৫ তারিখের প্রকাশিত একটি খবরে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে মান্দা উপজেলার এলজিইডি অফিসের আওতায় এডিপি তহবিল থেকে দুটি প্রকল্পে মোট ৮ (আট) লক্ষ টাকা বরাদ্দ দেখানো হয়েছে। প্রকল্প দুটি হলো-
১. প্রসাদপুর বাজার গোলচত্বর সংস্কার প্রকল্প (বরাদ্দ ৫ লক্ষ টাকা) এবং
২. পাঁজরভাঙা বাজারে নতুন গোলচত্বর নির্মাণ প্রকল্প (বরাদ্দ ৩ লক্ষ টাকা)।

সংবাদে উল্লেখ করা হয়, কাগজপত্রে প্রকল্পের কাজ সম্পন্ন দেখানো হলেও সরেজমিনে গিয়ে দেখা গেছে প্রসাদপুরে কেবল পুরাতন পোস্টার পরিষ্কারের সামান্য কিছু কাজ ছাড়া আর কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। অন্যদিকে পাঁজরভাঙা বাজারে কোনো গোলচত্বরই তৈরি হয়নি। স্থানীয়রা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবু সায়েদকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো সন্তোষজনক জবাব না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, বিষয়টি তার জানা নেই। তবে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
ইতোমধ্যে বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদন করেছেন নওগাঁ জেলা প্রতিনিধি ও সাংবাদিক মো. সবুজ হোসেন। তিনি অভিযোগে উল্লেখ করেছেন, “প্রকল্পের নাম ব্যবহার করে সরকারি অর্থ আত্মসাতের মাধ্যমে গুরুতর অনিয়ম সংঘটিত হয়েছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।”
স্থানীয় সচেতন মহল বলছে, এ ধরনের অনিয়ম বন্ধ না হলে উন্নয়ন প্রকল্পের প্রতি জনগণের আস্থা নষ্ট হবে এবং প্রকৃত উন্নয়ন ব্যাহত হবে।
Leave a Reply