
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এক মৃত তরুণীকে ধর্ষণের অভিযোগে আবু সাঈদ (১৯) নামের এক ডোমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আবু সাঈদ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি হালুয়াঘাট থানায় মরদেহ আনা-নেয়ার কাজ করতেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, “ঘটনার পর অভিযুক্ত আবু সাঈদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে হালুয়াঘাট উপজেলার এক ২০ বছর বয়সী তরুণী আত্মহত্যা করেন। স্থানীয় পুলিশ মরদেহ উদ্ধার করে হেফাজতে রাখে। পরদিন সকাল ১১টার দিকে আবু সাঈদ তরুণীর মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসে। পরে আধা ঘণ্টা পর আবার মর্গে ফিরে এসে মরদেহ ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ জসিম উদ্দিন বলেন, “মর্গের দায়িত্বপ্রাপ্ত ডোম মর্গের ভেতরে আলো বন্ধ দেখে সন্দেহ করেন। পরে লাইট জ্বালিয়ে আবু সাঈদ ও তাঁর এক সহযোগীকে ভেতরে ঘুমিয়ে থাকতে দেখেন। বিষয়টি কর্তব্যরত চিকিৎসককে জানানো হলে ময়নাতদন্তে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়।”
এ ঘটনায় মঙ্গলবার রাতে হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ আবু সাঈদকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করে বলে জানান তদন্ত কর্মকর্তা।
Leave a Reply