
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার আটপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমার বিরুদ্ধে এক যুবককে লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও ভাইরাল হলে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
ঘটনাটি ঘটেছিল গত ২৪ মার্চ, ঈদুল ফিতর উপলক্ষে বানিয়াজান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভিজিএফের চাল বিতরণের সময়। ২,০৩৭ জন উপকারভোগীর মধ্যে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণের সময় সিরিয়াল ভঙ্গ ও পাচারের অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ইউএনও ঘটনাস্থলে গিয়ে পুলিশের কাছ থেকে লাঠি নিয়ে দুর্জয় (২২) নামের এক দিনমজুরকে পেটানোর অভিযোগ ওঠে।

ভুক্তভোগী দুর্জয়, বিষ্ণুপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে। তিনি বলেন, “আমার মা অসুস্থ ছিলেন, তাই চাল নিতে গিয়েছিলাম। ধাক্কাধাক্কির মধ্যে পড়ে সামনে চলে গেলে ইউএনও স্যার আমাকে মারধর করেন। বিকেল চারটা পর্যন্ত আটকে রেখে একটি কাগজে স্বাক্ষর করিয়ে ছাড়া হয়। আমি কোনো লুটপাটে জড়িত ছিলাম না।”
এ ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান কবীর গত রোববার (১০ আগস্ট) আটপাড়া আমলি আদালতে ইউএনওর বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার সঙ্গে ভিডিও ফুটেজ ও ছয়জন সাক্ষীর বয়ান সংযুক্ত করা হয়েছে।
অভিযোগ সম্পর্কে ইউএনও রুয়েল সাংমা বলেন, “আমি কাউকে মারধর করিনি। ঈদের সময় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ভিজিএফের চাল লুট করছিল। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমি হস্তক্ষেপ করি। এটি আমার বিরুদ্ধে চক্রান্ত।”
পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার জানিয়েছেন, আদালতের নির্দেশের বিষয়ে তারা অবগত হলেও আনুষ্ঠানিক কপি এখনো পাননি। এদিকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ জানান, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আটপাড়াসহ আশপাশের এলাকায় ক্ষোভ ও আলোচনা অব্যাহত রয়েছে।
Leave a Reply