
রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মহানগরের কুমারপাড়া এলাকায় অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর মহানগর কার্যালয়ের ধ্বংসস্তূপে ‘মুজিব পাবলিক টয়লেট’–সংবলিত একটি ব্যানার টানানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ব্যানার টানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর রাজশাহী জেলা শাখার নেতাকর্মীরা।
সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক মো. নাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সদস্যসচিব ইমন রাজ ও কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক তানভির মাহতাব। নেতৃবৃন্দ জানান, স্থানটিতে একটি পাবলিক টয়লেট নির্মাণের দাবিতে শিগগিরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

কর্মসূচি শেষে নাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক প্রেক্ষাপটে নানা অভিযোগের প্রেক্ষিতে এই প্রতীকী উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, অতীতের কর্মকাণ্ডের কারণে সংশ্লিষ্ট রাজনৈতিক দলটির পুনরায় কার্যক্রম চালুর প্রচেষ্টা তারা প্রতিহত করতে চান। এ কারণেই স্থানটিকে ‘মুজিব পাবলিক টয়লেট’ হিসেবে প্রতীকীভাবে ঘোষণা করা হয়েছে।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর কয়েক দফায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ওই কার্যালয়। বর্তমানে সেখানে ভবনের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি সকালে একই স্থানে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর শাখা কার্যালয় শুভ উদ্বোধন’–সংবলিত একটি ব্যানার দেখা যায়। পরে অজ্ঞাত ব্যক্তিদের টানানো ওই ব্যানার স্থানীয়ভাবে সরিয়ে ফেলা হয়, যা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।
ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ এটিকে রাজনৈতিক প্রতিবাদের অংশ হিসেবে দেখছেন, আবার অনেকে এটিকে অপ্রত্যাশিত ও অশোভন বলেও মন্তব্য করেছেন।
Leave a Reply