
বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল ওয়াহেদ খান টিটু গ্রেপ্তার হয়েছেন। আজ শুক্রবার ভোর ৫টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার চাকরাইল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল ওয়াহেদ খান টিটু রাজশাহী নগরের রানীবাজার চিনিপট্টি মহল্লার আব্দুল ওয়াদুদ খানের ছেলে। তিনি রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের চাকরাইল গ্রামের মৃত সহল চৌধুরীর ছেলে আব্দুল ওহাব ওরফে সাগর চৌধুরীর বাসা থেকে টিটুকে গ্রেপ্তার করা হয়। এ সময় টিটুর সাথে বদলগাছী সদর ইউনিয়নের ওয়ার্ড বিএনপি থেকে সদ্য বহিস্কৃত সাধারণ সম্পাদক সাগর চৌধুরীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল ওয়াহেদ খান টিটু রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে তিনি মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেকশন অফিসারও তিনি। তবে ছুটি ছাড়াই বিগত পাঁচ বছর ধরে তিনি সাবেক মেয়র লিটনের পিএ হিসেবে ছিলেন। এই সময় তিনি সিটি করপোরেশন ও রুয়েট-দুই জায়গা থেকেই বেতন-ভাতা গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন টিটু।
থানা হেফাজতে থাকাবস্থায় শুক্রবার সকালে সাগর চৌধুরী জানান, তার ভাইয়ের শ্বশুরবাড়ির দিকের আত্মীয় এই টিটু। আত্মীয়তার সূত্র ধরে বুধবার টিটু তাদের বাড়ি এসেছেন। তাই ফিরিয়ে দিতে পারেন নি। তাঁর বাড়িতে টিটু আসার খবর জানাজানি হলে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশে খবর দিলে পুলিশ আমাদেরকে থানায় নিয়ে আসে।
বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, সাগর চৌধুরী বদলগাছী ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। উক্ত পদ থেকে সম্প্রতি তাকে বহিষ্কার করেছে। তার বাড়ি থেকেই টিটুকে গ্রেপ্তার করা হয়েছে। টিটু গত ৫ আগস্ট রাজশাহীতে আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। টিটুকে রাজশাহী নগরের বোয়ালিয়া থানার হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সাগরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
Leave a Reply