
সমরেশ রায়, কলকাতা (পশ্চিমবঙ্গ) ভারত
২১ নভেম্বর (শুক্রবার) সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের ডাকে আজ দুপুরে কলকাতার শিয়ালদা স্টেশন চত্বরে কয়েকশো পার্শ্বশিক্ষক, এসএসকে এমএসকে শিক্ষক, পঞ্চায়েত ও পৌরসভা-সংযুক্ত শিক্ষক, মাদ্রাসা কর্মী এবং শিক্ষাবন্ধুদের এক যৌথ প্রতিবাদমিছিল শহরের গুরুত্বপূর্ণ পথ অতিক্রম করে ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে অবস্থান বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা দাবি জানান, দীর্ঘদিনের বকেয়া, অস্বাভাবিক কম বেতন, কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং প্রশাসনের উদাসীনতার অবসান ঘটাতে হবে অবিলম্বে।
শিয়ালদা থেকে এস.এন. ব্যানার্জি রোড ধরে মিছিলটি ডরিনা ক্রসিংয়ে পৌঁছাতেই বিক্ষোভকারীরা রাস্তায় বসে পড়েন, ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে প্রশাসনের মধ্যস্থতায় মিছিলটি ওয়াই-চ্যানেলের দিকে অগ্রসর হয় এবং প্রতিনিধিদল ডেপুটেশন জমা দিতে যান।
মিছিলে অংশ নেন মনোরঞ্জন মণ্ডল, শামীম আখতার, পরিমল ব্যানার্জি, শংকর সরকারসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

তাদের দাবি-
বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, গত কয়েক বছরে বিভিন্ন সময়ে নবান্নে জমা দেওয়া শতাধিক ডেপুটেশনের কোনও সদুত্তর পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়েই আজ তারা পথ অবরোধে নামতে বাধ্য হয়েছেন।
তাদের বক্তব্য,
“আমরা প্রশাসনের সঙ্গে সংঘাতে যেতে চাই না। কিন্তু ন্যায়বিচার না পেলে আর নীরব থাকব না।”
প্রতিবাদী শিক্ষক–কর্মীরা যে পাঁচটি দাবিতে অনড়-
১. মার্চ ২০২৪-এর অর্ডার মেমো ১০৯১-F(P2) অনুযায়ী সমগ্র শিক্ষার অধীন সকল কর্মীর বেতন বৃদ্ধি ঘোষণা।
২. নিয়োগের শুরু থেকেই প্রত্যেকের জন্য ইপিএফ সুবিধা চালু।
৩. সমস্ত শূন্যপদে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক নিয়োগ।
৪. প্রত্যেক শিশুর শিক্ষার অধিকার নিশ্চিতকরণ।
৫. শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে রক্ষা ও উন্নয়নের জন্য সুনির্দিষ্ট নীতিগত পদক্ষেপ।

প্রতিবাদকারীরা ওয়াই চ্যানেলে সরানোর পরও পরিষ্কারভাবে জানিয়ে দেন-
“আমাদের সাথে দেখা না হলে আমরা স্থান ছাড়ব না। প্রয়োজন হলে বিকাশ ভবনের সকল কার্যক্রম এখানে এনে দাঁড় করাতে বাধ্য হব।”
ডরিনা ক্রসিংয়ের মতো ব্যস্ত এলাকায় পথ অবরোধ হওয়ায় প্রথমে জনসাধারণের ভোগান্তি তৈরি হলেও, পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভকারীদের বক্তব্য, তারা দীর্ঘ সময় পথ অবরোধ করতে চান না, কিন্তু ন্যায়সঙ্গত দাবি আদায়ে ‘সীমিত সময়ের প্রতীকী অবরোধ’ বাধ্য হয়েই করছেন।

*আলোচনা না হলে দীর্ঘমেয়াদি আন্দোলনে যাবে শিক্ষক সমাজ*
সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে, প্রশাসন আলোচনায় না বসলে রাস্তায় ধারাবাহিক বিক্ষোভ, অবস্থান, এমনকি রাজ্যব্যাপী কর্মসূচি দেওয়া হবে।
Leave a Reply