
নিজস্ব প্রতিবেদক,
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলের পক্ষ থেকে উত্থাপিত কয়েকজন প্রয়াত নেতার নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি গ্রহণ করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এর মধ্যে জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী, জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাঈদীসহ আরও কয়েকজনের নাম রয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের শোক প্রস্তাবে অতীতে মন্ত্রী ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী কয়েকজন ব্যক্তির নাম যুক্ত করার আহ্বান জানান।
তিনি বলেন, দেশের রাজনীতি ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এসব ব্যক্তিত্বের অবদান বিবেচনায় তাদের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা উচিত।
বিরোধী দলীয় উপনেতা যাদের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান, তাদের মধ্যে রয়েছেন-মতিউর রহমান নিজামী, দেলওয়ার হোসেন সাঈদী, আব্দুল কাদের মোল্লা, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, এ কে এম ইউসুফ, মাওলানা আব্দুস সোবহান, ওসমান হাদি, সাবেক সংসদ সদস্য শেখ আনসার আলী, প্রিন্সিপাল আব্দুল খালেক মণ্ডল, হাফেজা আসমা খাতুন, রোকেয়া আনসার, সুলতানা রাজিয়া ও রাশেদা খাতুনসহ আরও কয়েকজন।
এ ছাড়া তিনি জুলাই বিপ্লব এবং শাপলা চত্বরে নিহতদের নামও শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
এর জবাবে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিরোধী দলীয় উপনেতা যাদের নাম উল্লেখ করেছেন, সেগুলো শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে।
Leave a Reply