
নিজস্ব প্রতিবেদক
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আবদুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করার প্রস্তুতি নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
তিনি বলেন, “ঢাকা রিপোর্টার্স ইউনিটি” থেকে আটক লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হবে। তাদের মোবাইল ফোনে উসকানিমূলক বক্তব্যের আলামত পাওয়া গেছে। তবে এর বাইরে আপাতত তেমন কিছু পাওয়া যায়নি।
এর আগে দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক গোলটেবিল বৈঠককে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।
অনুষ্ঠানে উপস্থিত একদল লোক লতিফ সিদ্দিকীকে ঘিরে স্লোগান দিতে থাকে এবং তাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ হস্তক্ষেপ করে এবং সেখান থেকে লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। গ্রেপ্তার দেখানো হবে কি না তা জিজ্ঞাসাবাদ শেষে জানানো সম্ভব হবে।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করা ‘মঞ্চ ৭১’ এর এই কর্মসূচিকে কেন্দ্র করেই সেদিন উত্তেজনা ছড়িয়ে পড়ে।
Leave a Reply