
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলায় একটি আমবাগান থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার আইহাই ইউনিয়নের গৌরিপুর গ্রামের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরিপুর গ্রামের মনসুর আলীর আমবাগানে কাজ করতে গিয়ে এক ব্যক্তি বাগানের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেনকে জানান। খবর পেয়ে সাপাহার থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তিনি বেশ কিছুদিন ধরে এলাকায় ঘোরাফেরা করতেন। তবে এখন পর্যন্ত তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply