
নিজস্ব প্রতিবেদক,
নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১, ঢাকায় বুধবার (১৭ জুলাই) এই মামলা দুটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
তিনি জানান, সাবেক এমপি ছলিম উদ্দিন তরফদারের বিরুদ্ধে প্রায় ৫ কোটি ৯৩ লাখ ৬ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। এসব সম্পদ সম্পূর্ণরূপে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।

এছাড়া, তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের বিরুদ্ধেও ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা হয়েছে। অভিযোগে বলা হয়, সংসদ সদস্য থাকাকালীন ছলিম উদ্দিন তার স্ত্রীর নামে অবৈধ সম্পদ স্থানান্তর করেন, যা পরবর্তীতে তিনি নিজ নামে ভোগ করেন। এ কারণে এই মামলার আসামি হিসেবে ছলিম উদ্দিনের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে তাদের ছেলে সাকলাইন মাহমুদ রকি’র বিরুদ্ধেও অবৈধ সম্পদের অভিযোগে অনুসন্ধান চলছে। দুদকের প্রাথমিক তদন্তে জানা গেছে, তার নামে রয়েছে একটি ইটভাটা ও একাধিক স্থাপনা। এছাড়াও আরও গোপন সম্পদ থাকার আশঙ্কায় তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুদকের এই পদক্ষেপে নওগাঁসহ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, ক্ষমতার অপব্যবহার করে গড়া সম্পদের হিসাব এবার প্রকাশ্যে আসছে।
Leave a Reply