
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি এক যুবক বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন—এমন খবরকে গুজব বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন (বিজিবি)।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) কিছু স্থানীয় অনির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে দৈখাওয়া বিওপি এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন—এমন একটি সংবাদ ছড়িয়ে পড়ে। খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে এর সত্যতা যাচাইয়ে তৎপর হয় বিজিবি।
বিজিবি জানায়, বিষয়টি নিশ্চিত করতে ব্যাটালিয়ন পর্যায়ে ১৫ বিজিবির অধিনায়ক প্রতিপক্ষ ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডারের সঙ্গে যোগাযোগ করেন। পাশাপাশি বিওপি পর্যায়ে দৈখাওয়া বিওপি কমান্ডার ও ভারতের শিষরাম বিএসএফ ক্যাম্প কমান্ডারের সাথেও কথা বলা হয়। উভয় পক্ষই সীমান্ত এলাকায় কোনো ধরনের মরণঘাতী বা অ-মরণঘাতী অস্ত্র ব্যবহারের ঘটনা অস্বীকার করেন।
পরবর্তীতে বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে আহত বলে আলোচিত বাংলাদেশি নাগরিক মোঃ রনি (২২)-এর বাড়িতে যান বিজিবির একটি টিম। সরেজমিনে তার পিতা মোঃ হারুন অর রশিদের সঙ্গে কথা বললে তিনিও ছেলের গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে কিছুই জানেন না বলে জানান।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “উক্ত ব্যক্তি এলাকায় মাদক বহনকারী হিসেবে পরিচিত এবং তার নামে থানায় একাধিক অভিযোগ রয়েছে। ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। বিভিন্ন মাধ্যমে জানা গেছে, সে রাবার বুলেট দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে রংপুরে গমন করতে পারে।তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও যাচাই কার্যক্রম চলমান রয়েছে।
Leave a Reply