
নিজস্ব প্রতিবরদক
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নৃশংস হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন বাংলাদেশি শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর এই হামলার ঘটনা ঘটে। জাতিসংঘ সূত্রে জানা গেছে, হামলাটি ছিল আকস্মিক ও পরিকল্পিত, যা আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) এক শোকবার্তায় নৌ উপদেষ্টা নিহত শান্তিরক্ষীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত আটজন শান্তিরক্ষীর দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
ড. এম সাখাওয়াত হোসেন বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীরা সাহস, পেশাদারিত্ব ও আত্মত্যাগের অনন্য নজির স্থাপন করে চলেছেন। কর্তব্যরত অবস্থায় ছয়জন শান্তিরক্ষীর প্রাণ হারানো জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
তিনি আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও প্রশংসিত। বিশ্বশান্তি ও মানবতার সেবায় বাংলাদেশের শান্তিরক্ষীদের ভূমিকা অনস্বীকার্য।
নৌ উপদেষ্টা সুদানে চলমান সহিংসতা অবিলম্বে বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
Leave a Reply