
নিজস্ব প্রতিবেদক,
দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিল করা হচ্ছে। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এসব শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক।
সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী বছর থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে এটি জটিল কোনো পরীক্ষা হবে না। বিশেষ করে প্রথম শ্রেণির ক্ষেত্রে খুবই সহজ একটি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
তিনি বলেন, “ক্লাস ওয়ানের শিক্ষার্থীদের তো আর নিউরোসার্জন বানাতে যাচ্ছি না। খুব সহজ একটি টেস্টের মাধ্যমেই তাদের ভর্তি করানো হবে।”
ভর্তি পরীক্ষা চালু হলে কোচিং বাণিজ্য ও তদবির বাড়বে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ভর্তি প্রক্রিয়ায় এমন কোনো সুযোগ রাখা হবে না, যাতে কোচিং নির্ভরতা তৈরি হয়।
তিনি বলেন, “এখানে কোচিং করানোর সুযোগ রাখা হবে না। পরীক্ষা হবে খুবই সাধারণ। তাই অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।”
লটারি পদ্ধতি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে শিক্ষামন্ত্রী আরও বলেন, “আমি মনে করি, লটারি করে ভর্তি করানো কোনো শিক্ষাব্যবস্থায় থাকতে পারে না।”
সরকারি ও বেসরকারি স্কুলে দীর্ঘদিন ধরে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নেওয়া হলেও কোভিড-১৯ মহামারির সময় থেকে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চালু করা হয়। এরপর কয়েক বছর ধরে একই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চলছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষ থেকে আবারও পরীক্ষাভিত্তিক ভর্তি ব্যবস্থা চালু হচ্ছে।
Leave a Reply