
নোয়াখালী প্রতিনিধি,
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নলচিরা–বয়ারচর (চেয়ারম্যানঘাট) নৌরুটে প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ফেরি ‘মহানন্দা’ উদ্বোধনকে কেন্দ্র করে হাতিয়ার নলচিরা ঘাট এলাকায় এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উদ্বোধনী আয়োজন চলাকালে মিছিল ও অবস্থানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
আহতদের মধ্যে কয়েকজনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ফেরি সার্ভিস চালু হওয়ায় হাতিয়ার নলচিরা ঘাট ও বয়ারচর চেয়ারম্যানঘাট এলাকায় গত কয়েকদিন ধরেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। এই নৌরুটে ফেরি চালু হলে প্রায় সাত লাখ হাতিয়াবাসীর দীর্ঘদিনের যাতায়াত সংকট লাঘব হবে এবং যানবাহন ও মালামাল পরিবহন আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপি ও ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদের উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় এ নৌরুটে ফেরি সার্ভিস চালুর প্রক্রিয়া সম্পন্ন হয়।
সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply