
নিউজ ডেস্ক,
বাংলাদেশের প্রচলিত অর্থবছরের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৮-২৯ অর্থবছর থেকে দেশে নতুন অর্থবছর শুরু হবে ১ এপ্রিল এবং শেষ হবে পরবর্তী বছরের ৩১ মার্চ। বর্তমান জুলাই-জুন ভিত্তিক অর্থবছর থেকে এটাই হবে নতুন কাঠামো।
পরিবর্তনের আগে ২০২৭-২৮ অর্থবছরকে ৯ মাসের ট্রানজিশনাল অর্থবছর হিসেবে নির্ধারণ করা হয়েছে। ফলে ওই অর্থবছর শুরু হবে ২০২৭ সালের ১ জুলাই এবং শেষ হবে ২০২৮ সালের ৩১ মার্চ।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অর্থবছরের সময়কাল পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বর্তমানে বাংলাদেশের অর্থবছর চলে ১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত। সরকার মনে করছে, এই সময়সূচির কারণে বর্ষাকালের সঙ্গে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের সময়সূচি সাংঘর্ষিক হয়। বিশেষ করে জুলাই ও আগস্টে অতিবৃষ্টির কারণে অবকাঠামো নির্মাণ ও উন্নয়নকাজে ধীরগতি দেখা দেয়।
সরকারের যুক্তি অনুযায়ী, অর্থবছর এপ্রিল থেকে মার্চে স্থানান্তর করা হলে বর্ষা আসার আগেই বছরের গুরুত্বপূর্ণ অবকাঠামোগত কাজ শেষ করার সুযোগ বাড়বে। এতে প্রকল্প বাস্তবায়নের সময় কমার পাশাপাশি কাজের মান উন্নত হবে এবং জনদুর্ভোগও কমতে পারে।
তবে নতুন অর্থবছর কার্যকর করতে বেশ কিছু প্রশাসনিক ও আইনগত পরিবর্তন আনতে হবে। এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), লেজিসলেটিভ বিভাগ, অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে।
অর্থবছরের সময়সূচি পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রাখতে দেশের প্রচলিত আইনেও সংশোধন প্রয়োজন হবে। এর মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এবং General Clauses Act, 1897 এ প্রয়োজনীয় পরিবর্তনের বিষয়টি রয়েছে।
এ ছাড়া সরকারের বাজেট, হিসাবরক্ষণ, আর্থিক ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট বিভিন্ন ডিজিটাল সিস্টেমেও প্রযুক্তিগত পরিবর্তন আনতে হবে।
সরকারের নির্ধারিত রূপান্তর পরিকল্পনা অনুযায়ী, ২০২৭-২৮ হবে পুরোনো ও নতুন অর্থবছর ব্যবস্থার মধ্যবর্তী সময়। ওই বছর মাত্র ৯ মাসের হিসাব শেষ করার পর ২০২৮ সালের ১ এপ্রিল থেকে শুরু হবে প্রথম পূর্ণাঙ্গ এপ্রিল-মার্চ অর্থবছর।
অর্থাৎ, ২০২৮-২৯ অর্থবছর থেকে বাংলাদেশের অর্থবছরের নতুন চক্র হবে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ।
Leave a Reply