
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে অবশেষে অভিযানে নামল প্রশাসন। নওগাঁর বদলগাছীর উত্তরা কোল্ড স্টোরেজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় না করতে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) উপজেলার পাহাড়পুর ইউনিয়নে অবস্থিত উত্তরা কোল্ড স্টোরেজে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। এ সময় নওগাঁ জেলা কৃষি বিপণন কর্মকর্তা সোহাগ সরকার উপস্থিত ছিলেন। অভিযানে বদলগাছী থানা পুলিশ সহযোগিতা করে।
এর আগে উত্তরা কোল্ড স্টোরেজে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগে কৃষকদের ভোগান্তির চিত্র তুলে ধরে ‘দৈনিক মুক্ত খবর’ এ সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপরই কোল্ড স্টোরেজটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযোগ ছিল, আলু সংরক্ষণের ক্ষেত্রে সরকারি নির্ধারিত হারের বাইরে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এতে মৌসুমের শুরুতেই বাড়তি খরচের বোঝা চাপছিল কৃষকদের ওপর। বিষয়টি নিয়ে ভুক্তভোগী কয়েকজন কৃষক অভিযোগও করেন।
প্রশাসনের অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ার পর উত্তরা কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সরকারি নির্ধারিত মূল্যের অতিরিক্ত কোনো অর্থ কৃষকদের কাছ থেকে নেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি বলেন, “সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য নেওয়ায় উত্তরা কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে সরকারি নির্ধারিত মূল্যের অতিরিক্ত টাকা না নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।”
এদিকে প্রশাসনের এ অভিযানের পর স্বস্তি প্রকাশ করেছেন কৃষকরা। তাদের দাবি, শুধু জরিমানা করেই যেন অভিযান শেষ না হয়; উপজেলার অন্যান্য কোল্ড স্টোরেজেও সরকারি নির্ধারিত ভাড়া কার্যকর আছে কি না, তা নিয়মিত তদারকি করা প্রয়োজন। এতে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রবণতা বন্ধ হবে এবং তারা হয়রানি ও বাড়তি আর্থিক চাপ থেকে রক্ষা পাবেন।
Leave a Reply