
এমরান মাহমুদ প্রত্যয়, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
চলতি মৌসুমে অবৈধ ইটভাটা বন্ধের সরকারি নির্দেশনার পর, কাজ হারানোর আশঙ্কায় নওগাঁর আত্রাই উপজেলা ইটভাটা মালিক সমিতির আয়োজনে মানববন্ধন করেছে ইটভাটা শ্রমিক ও মালিক সমিতি। কোটি কোটি টাকার বিনিয়োগ ও হাজারো শ্রমিকের জীবন-জীবিকা রক্ষায় ইটভাটা পরিচালনার অনুমতি চেয়ে বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় ইটভাটা মালিক সমিতির সদস্য মো. আশাদুল ইসলাম বাবুর সভাপতিত্বে উপজেলা পরিষদ প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইটভাটায় কর্মরত বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন। মানববন্ধনে শ্রমিকরা ইটভাটা বন্ধ না করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং তাদের পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার কথা তুলে ধরেন। মানববন্ধন শেষে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নূরে আলম সিদ্দিক-এর বরাবর ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে একটি স্মারকলিপি পেশ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নিয়ামতলী বাবু, ইটভাটা মালিক সমিতির সহ-সভাপতি মীর সামসুল হুদা, সহ-সাধারণ সম্পাদক মো. মমিনুল মিঠু, সদস্য মো. নাজমুজ্জামান ভূট্রু প্রমুখ। তারা অবিলম্বে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্মারকলিপির বিষয়টি বিবেচনা করে শ্রমিকদের কর্মসংস্থান রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।
Leave a Reply