
আর.কে রাজু, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
পরিবেশবান্ধব সোনালি আঁশ পাটকে পুনরুজ্জীবিত করতে এবং পলিথিনের ক্ষতিকর ব্যবহার কমাতে ঈশ্বরগঞ্জে পাটচাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, “পাটের পুরোনো গৌরব ফিরিয়ে আনতে হলে পলিথিন বর্জনের বিকল্প নেই। সরকার পাটকে আবারও অর্থকরী ফসল হিসেবে প্রতিষ্ঠা করতে নানা উদ্যোগ নিচ্ছে।”
উপজেলা পাট অধিদপ্তরের উদ্যোগে ‘পলিথিনের ব্যবহার পরিহার করি, পাট পণ্যের বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে পাট অধিদপ্তরের “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” প্রকল্পের আওতায় ৭৫ জন পাটচাষীকে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সানজিদা রহমান। সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. শামীম আহমেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন-পাট অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক শিমু আক্তার,জেলা পাট উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান, উপজেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া আক্তার প্রমুখ। প্রশিক্ষণে চাষীদের উন্নত পাটচাষ, বীজ উৎপাদন ও পাটপণ্যের ব্যবহার বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
Leave a Reply