
মাসুদ রানা, পত্নীতলা(নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পৌংরইল পলিপাড়া গ্রামে রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে এক একর জমির ওপর গড়ে ওঠা মূল্যবান ‘ব্যানানা ম্যাংগো’ জাতের প্রায় সাড়ে তিনশ’ আমগাছ। ক্ষতিগ্রস্ত বাগানটির মালিক সাবেক ইউপি সদস্য কৃষক হাফিজুর রহমান।
কৃষক হাফিজুর রহমান জানান, গত বছর এই আমবাগান থেকে তিনি প্রায় ৭ লক্ষ টাকার আম বিক্রি করেছিলেন। বহু বছরের পরিশ্রমে দাঁড় করানো এই বাগানটি ছিল তাঁর পরিবারের প্রধান আয়ের উৎস।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫০ বছরের দখলীয় সম্পত্তির ওপর তৈরি করা এই বাগান সোমবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা কেটে ধ্বংস করে রেখে যায়। সকালে ঘটনাস্থলে এসে কাটা পড়ে থাকা শত শত গাছ দেখে হতভম্ব হয়ে পড়েন তিনি।
হাফিজুর রহমান বলেন,
এক একর জমির সাড়ে তিনশ’ আমগাছ ছিল—সবক’টাই কেটে শেষ করে দিয়েছে। গতবছর শুধু এই বাগান থেকেই ৭ লক্ষ টাকার আম বিক্রি করেছি। এখন আমার মাথায় হাত—কি করবো কিছুই বুঝতে পারছি না। গাছের সাথে এ কেমন শত্রুতা
ঘটনার খবর পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মুনতাসীর ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বাগানটি পরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছে এবং এ ঘটনায় কৃষি অফিস একটি আনুষ্ঠানিক প্রতিবেদন প্রস্তুত করবে।
স্থানীয় সাধারণ মানুষ এই ঘটনাকে ন্যক্কারজনক বলে আখ্যায়িত করে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply