
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গোরপোতা সীমান্তে শুন্য লাইন অতিক্রম করায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা এক ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ সদস্যকে আটক করেছে।
রবিবার(২১ ডিসেম্বর) আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে সীমান্ত পিলার ১ এর ৭ নাম্বার পিলারের কাছে ডাঙ্গাপাড়া এলাকায় বিএসএফ সদস্যকে আটক করা হয়। এসময় তার কাছ ১টি শর্টগান, ২ রাউন্ড গুলি, ১ টি ওয়ারলেস সেট এবং একটি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে বিজিবি সদস্যরা।
আটক বিএসএফ সদস্য হলেন বেদ প্রকাশ। তিনি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন বিএসএফ ক্যাম্পের কনস্টেবল। তার সদস্য নং ২১৩৬০০১৭৮।
বিজিবি ও স্থানীয়রা জানান, বিএসএফ সদস্য বেদ প্রকাশ ভোরে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এসময় সীমান্তে টহলরত রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের আঙ্গরপোতা ক্যাম্পের সদস্যরা বিএসএফ সদস্যকে আটক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আঙ্গোরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. রফিকুজ্জামান জানান, এ ঘটনায় বিএসএফ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ হয়েছে। আটক বিএসএফ সদস্য অক্ষত অবস্থায় বিজিবি ক্যাম্পে রয়েছেন। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের হাতে হস্তান্তর করা হবে।
Leave a Reply