
নিজস্ব প্রতিবেদক,
পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে জেলার সব সাংবাদিক সংগঠনকে আমন্ত্রণ না জানানোয় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। আমন্ত্রণপত্র বিতরণে সমন্বয়হীনতার অভিযোগ তুলেছেন তাঁরা।
শুক্রবার সকাল ১১টায় জেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। দপ্তর সূত্রে জানা গেছে, রমজান মাসে সাধারণ মানুষের কাছে স্বল্পমূল্যে প্রাণিজ আমিষ পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিটি আগামী ২৫ রমজান পর্যন্ত চলবে।
তবে উদ্বোধনী অনুষ্ঠানে শুধু নওগাঁ জেলা প্রেসক্লাব-কে আমন্ত্রণ জানানো হয়েছে বলে অভিযোগ ওঠে। জেলার অন্যান্য সাংবাদিক সংগঠনকে না জানানোয় বিষয়টি নিয়ে সাংবাদিকদের মধ্যে অসন্তোষ ও সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমান বলেন, অন্য সংগঠনগুলোকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি ইচ্ছাকৃত ছিল না। সাংবাদিকদের সঙ্গে যোগাযোগে ঘাটতি ছিল উল্লেখ করে তিনি বলেন, “সমন্বয়ের কিছু সমস্যা হয়েছে। ঢাকায় অবস্থানের কারণে সবার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না।”
এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁ। সংগঠনটির সভাপতি সাব্বির আহমেদ বলেন, জেলায় একাধিক সাংবাদিক সংগঠন সক্রিয় রয়েছে। সরকারি কোনো দপ্তরের আয়োজনে সব স্বীকৃত সংগঠনকে আমন্ত্রণ জানানো উচিত। একটি সংগঠনকে জানিয়ে অন্যদের বাদ দেওয়া দুঃখজনক। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে তাঁরা কঠোর অবস্থান নিতে বাধ্য হবেন বলেও জানান।
স্থানীয় সাংবাদিকদের দাবি, সরকারি দপ্তরগুলোর উচিত সব সাংবাদিক সংগঠনের সঙ্গে সমন্বয় রেখে কার্যক্রম পরিচালনা করা, যাতে কোনো পক্ষ অবহেলিত না হয় এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ বজায় থাকে।
উল্লেখ্য, ডা. মাহফুজার রহমান ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
Leave a Reply