
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২১ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হাবিবুর রহমান (৩২), তাঁর স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং তিন বছরের কন্যা সাদিয়া আক্তার। তারা সবাই বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাদের ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা ঘরে প্রবেশ করে চারজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”
স্থানীয়দের ধারণা, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানায়নি পুলিশ।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।
Leave a Reply