
বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় গাছ থেকে পড়ে নজরুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মারা যান। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারার বাসুপাড়া ইউনিয়নের ইসলাবাড়ি গ্রামে। এর আগে তার ছোট দুই ভাই আম গাছ থেকে পড়ে মারা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে নিজেদের গাছ থেকে আম পাড়তে প্রয়োজনীয় উপকরণ নিয়ে বাড়ির অদূরে আম বাগানে যান। আম পাড়ার জন্য গাছে ওঠেন। কিছুক্ষণ পর তিনি অসাবধনতাবশত গাছ থেকে নিচে পড়ে যান। গাছ থেকে পড়ে যাওয়ার শব্দ শুনে পাশের পানবরজে কাজ করা শ্রমিকেরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।
পরিবারের সদস্যরা জানান, নিহত নজরুল ইসলামের আট বছরের এক ছেলে রয়েছে। নজরুল ইসলাম ঢাকায় একটা ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। দেড় বছর আগে গ্রামে এসে ওষুধের দোকান দেন। বাসুপাড়া ইউনিয়নের নন্দনপুর বাজারে তাঁর ওষুধের দোকান রয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় পাঁচ বছর আগে এক ভাই এবং বছর দুয়েক আগে আরেক ছোট ভাই একইভাবে গাছ থেকে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মারা যায়।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, বিষয়টি শুনেছেন, ঘটনাটি মর্মান্তিক।
Leave a Reply