
নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের কাদিবাড়ি মৃধা পাড়ায় স্বামী-স্ত্রীর একই দিনে মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃতরা হলেন ওই গ্রামের মৃত রমজান মৃধার ছোট ছেলে অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জলিলুর রহমান (৭২) এবং তাঁর স্ত্রী আনজুয়ারা বেগম (৬৫)।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে দম্পতি দুজনেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নিজ বাড়িতে আনজুয়ারা বেগম মারা যান। স্ত্রীর মৃত্যুতে স্বামী জলিলুর রহমান মানসিকভাবে ভেঙে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাঁকে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত ১২ টায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের মাতম নেমে এসেছে। অনেকেই বলছেন, এমন মৃত্যু খুবই বিরল এবং তাঁরা ছিলেন “ভাগ্যবান দম্পতি”। স্থানীয়দের ভাষায়, “পৃথিবীতে কয়জন দম্পতি এমনভাবে একসঙ্গে চলে যেতে পারেন!”
শনিবার সকাল ১১টার দিকে স্বামী-স্ত্রী দুজনকে তাদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়। মৃত্যুকালে তাঁরা দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply