
কুড়িগ্রাম প্রতিনিধি:
পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে কুড়িগ্রামে একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
সোমবার (২৬ জানুয়ারি) কুড়িগ্রাম সদর উপজেলায় যৌথভাবে পরিচালিত এ অভিযানে ভাটা মালিককে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের পূর্বানুমতি ছাড়া ইট প্রস্তুতের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে ঘোগাদহ এলাকায় অবস্থিত মেসার্স থ্রী স্টার ব্রিকস-এর বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং বৈধ ও হালনাগাদ কাগজপত্র না থাকায় ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিক। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। এ সময় স্থানীয় থানা পুলিশের সদস্যসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষ জানায়, পরিবেশ সুরক্ষা নিশ্চিতকরণ ও বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply