
এনামুল হক রাশেদী, চট্টগ্রাম প্রতিনিধি:
দেশি-বিদেশি গবেষকদের অংশগ্রহণে সাউদার্ন মেডিকেল কলেজ কর্তৃক প্রথম দেশি ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ‘এসএমসিএইচ সামিট–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
সকাল ৮টায় শুরু হওয়া দিনব্যাপী এ সম্মেলনে দেশি-বিদেশি নানা গবেষক স্বাস্থ্যশিক্ষা, মেডিকেল কারিকুলাম, অ্যাক্রেডিটেশন, তথ্যপ্রযুক্তি, মেডিসিন, সার্জারি, গাইনি, শিশুস্বাস্থ্য, লিভার, হৃদরোগ, চক্ষু, গণস্বাস্থ্য, বার্ধ্যক্যজনিত রোগ, অনুজীববিদ্যা, মৌলিক চিকিৎসাবিদ্যাসহ চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় মোট ৬১টি গবেষণাপত্র উপস্থাপন করেন।
ইন্দোনেশিয়া, কোরিয়া, যুক্তরাষ্ট্র ও লন্ডন থেকে আগত চারজন আন্তর্জাতিক গবেষকও তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করেন।
দেশের বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এম এ ফয়েজ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবির তালুকদার, অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, অধ্যাপক ডা. খন্দকার এ কে আজাদ, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আবিদ হোসেন মোল্লা, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. রোবেদ আমীন, বাংলাদেশ মেডিকেল রির্সাস কাউন্সিলের চেয়ারম্যান ও গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সায়েবা আখতার, অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত, অধ্যাপক ডা. অনুরুদ্দ ঘোষসহ দেশের খ্যাতিমান বিজ্ঞানীরা। চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষকরাও সম্মেলনে অংশ নেন।
অনুষ্ঠানে সাউদার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা চিকিৎসা বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সমন্বয়ে তৈরি ইনোভেটিভ প্রজেক্ট ‘নেক্সট জেনারেশন ইনোভেটরস’ প্রদর্শন করেন।
গত ১৬ অক্টোবর ‘এসএমসিএইচ সামিট–২০২৫’-এর লোগো মোড়ক উন্মোচন, থিম ঘোষণা ও ব্যানার উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছিল। ধারাবাহিক নানা আয়োজন শেষে বৃহস্পতিবার সফলভাবে সম্মেলনের পর্দা নামে।
সম্মেলন সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন সাউদার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জয়ব্রত দাশ, অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানম, কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আব্দুস সালাম, এমডি জাফরুল ইসলাম চৌধুরী, বিএমডিসি সদস্য ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. খুরশীদ জামিল, অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. ধনঞ্জয় মজুমদার, মেডিকেল এডুকেশন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. মো. মিনহাজুল আলমসহ বিভিন্ন কমিটির সদস্য, পৃষ্ঠপোষক, উপদেষ্টা, চিকিৎসক, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Leave a Reply