
এনামুল হক রাশেদী, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নিহত ১৮ জন জাপানি সৈনিকের দেহাবশেষ উত্তোলন এবং জাপানে প্রত্যাবাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে জাপান সরকার মনোনীত ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদল গত ১৭ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করে দেহাবশেষ উত্তোলনের দায়িত্ব পালন করেন।
সোমবার (১ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় পুরো কার্যক্রমে নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চল। সার্বিক তত্ত্বাবধান এবং খননকার্যে নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা ও খনন বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির (অবঃ), বীর প্রতীক।
দেহাবশেষ উত্তোলন শেষে ২৮ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল নিহত জাপানি সৈন্যদের যথাযোগ্য সামরিক মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে। পরবর্তীতে দেহাবশেষগুলো জাপানে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে জাপান সরকারের অনুরোধে কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত আরও ২৩ জন জাপানি সৈনিকের দেহাবশেষ উত্তোলন ও প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছিল।
Leave a Reply