
মোজাম্মেল হক, (নোয়াখালী) প্রতিনিধি:
চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ফাওড়া মৌজার প্রবাসীর ভোগ দখলীয় দোকান ঘর দখলের চেষ্টা ও বাধা দিলে প্রবাসীর উপর হামলা এবং ৫ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে ফাওড়া গ্রামের মৃত একরামুল হক দুলালের ছেলে সাংবাদিক মোজাম্মেল হক লিটন (৪৩) গত রোববার সন্ধ্যায় নোয়াখালী জেলা প্রাশসকের নিকট অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, গত ২০১৫ সালের ১২ই ডিসেম্বর নোয়াখালী জেলা পরিষদ থেকে ১ হাজার ৮০ বর্গফুট জায়গা ফাওড়া গ্রামের সাংবাদিক মোজাম্মেল হক লিটন সহ ৫ জনের নামে লিজ নেওয়া হয়। লিজ নেওয়ার পর দোকান ঘর নির্মাণ করে লিজ গ্রহিতারা ভোগ দখল করে আসছেন। এ বছরের ৩রা মার্চ আবার পুনরায় নবায়ন করা হয়। এদিকে আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী নুর মোহাম্মদ, তাইজুল ইসলাম রাজু, মোঃ রাখি সহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা একাধিকবার দোকানগুলোতে হামলা চালিয়ে জবর দখলের অপচেষ্টা চালায়। এরই ধারাবাহিকতায় গত ১৮ এপ্রিল শুক্রবার গভীর রাতে ঐ চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজদের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বেড়া দিয়ে দোকান ঘর দখলের চেষ্টা চালায়। এ সময় সাংবাদিক লিটনের ভাই প্রবাসী মোঃ রানা বাধা দিলে তাকে বেধম মারধর করে আহত করে। রানার শোর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর থেকে সন্ত্রাসীরা মোঃ রানার কাছে বিভিন্নভাবে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দিলে তাদের দোকান ভাঙ্গচুর ও তাকে বিদেশ যেতে বাধা এবং প্রাণনাশের হুমকি দেয়।
এ বিষয়ে সোনাইমুড়ী সেনা ক্যাম্পেও অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানায় সাংবাদিক মোজাম্মেল হক লিটন।
এ ব্যাপারে নোয়াখালী জেলা প্রাশসক খন্দকার ইসতিয়াক আহম্মেদ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply