
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় এনআরবিসি ব্যাংকের দায়ের করা চেক ডিজঅনার মামলার পলাতক আসামী অভিজিত সাহাকে আটক করে কারাগারে পাঠিয়েছে নওগাঁর পুলিশ। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) মো: খোরশেদ আলম।
এনআরবিসি ব্যাংক লিমিটেডের নওগাঁ শাখার ব্যবস্থাপক শ্যামল চন্দ্র বর্মন জানান, নওগাঁ শহরের চকদেবপাড়ার মৃত বিমল সাহার ছেলে ব্যবসায়ী অভিজিত সাহা ২০১৪সালে ব্যাংক থেকে সিসিলোন গ্রহণ করেন। এরপর তিনি আর সেই লোন রেনুয়াল করেননি এবং কোন প্রকারের লেনদেনও করেননি। যার কারণে গত ২০২০সালে ব্যাংক কর্তৃপক্ষ অভিজিতের বিরুদ্ধে ৮৮৪০২০০ টাকার চেক ডিজঅনারের মামলা দায়ের করেন। ২০২৩সালে আদালত সেই মামলার রায় ব্যাংকের পক্ষে প্রদান করেন। পরে ব্যবসায়ী অভিজিত সেই রায়ের বিরুদ্ধে আপীল করলে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত সেই রায় বহাল রাখেন। এরপরও অভিজিত ব্যাংকের সঙ্গে কোন প্রকারের যোগাযোগ না করলে আদালত থেকে ২০২৪সালের আগস্ট মাসের ১৩তারিখে অভিজিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে অভিজিত পলাতক থাকেন। গত বুধবার (৭ মে) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে শহরের ডাবপট্টি এলাকা থেকে ব্যবসায়ী অভিজিতকে আটক করে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: খোরশেদ আলম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান যে অভিজিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো। দীর্ঘদিন সে পলাতক ছিলো। বুধবার সন্ধ্যায় তাকে শহরের ডাবপট্টি এলাকা থেকে আটক করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply