
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন চামড়া হচ্ছে আমাদের দেশের জাতীয় সম্পদ। পূর্বের সময়ে চামড়া নিয়ে কি হয়েছে সেটি ভুলে গিয়ে আসন্ন ইদুল আযহাতে কোরবানিকৃত পশুর চামড়া সংরক্ষণ ও সরবরাহের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বন করাসহ গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে চামড়া সংরক্ষণের কোন বিকল্প নেই। নতুন বাংলাদেশে চামড়া নিয়ে নতুন করে স্বপ্ন বুনতে হবে। এছাড়া চামড়া ব্যবসার হারানো সুনামকে পুনরায় ফিরে আনতে হলে এবার প্রতি ইঞ্চি চামড়া যত্ন সহকারে সংরক্ষণ করার কোন বিকল্প নেই। আশা করি নওগাঁবাসী সুষ্ঠ ব্যবস্থাপনার মাধ্যমে চামড়া সংরক্ষণের মাধ্যমে জাতীয় এই সম্পদ সংরক্ষণ করে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। তাই জাতীয় এই সম্পদ চামড়া সংরক্ষণ করা ও বাজারে চামড়া সংরক্ষণের প্রধান উপকরণ লবণের সরবরাহ নিয়ে কোন চালবাজি মেনে নেওয়া হবে না।
বুধবার আসন্ন ইদে কোরবানীকৃত পশুর চামড়া লবণ দিয়ে সংরক্ষণ ও বাজারে পর্যাপ্ত লবণ সরবরাহ নিশ্চিতকরণ সংক্রান্ত এক আলোচনা সভায় এই কথাগুলো বলেন জেলা প্রশাসক। জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ পৌর সভার প্রশাসক টি.এম.এ.মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক এএইচ ইরফান উদ্দিন আহমেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: মাহফুজার রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ, জেলা তথ্য কর্মকর্তা আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, নওগাঁ বিসিকের উপব্যবস্থাপক শামীম আক্তার মামুন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, জেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ, জেলা চামড়া ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ প্রমুখ। এছাড়াও সভায় চামড়া সংরক্ষণে বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ, চামড়া সংগ্রহকারী এবং ব্যবসায়ীগণেরাও উপস্থিত ছিলেন।
Leave a Reply